লক্ষ্মীপুরে আলিম পরীক্ষার্থীসহ চার ভাই-বোনকে কুপিয়ে জখম

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০১৮ ৩:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের সাহাপুরে আলিম পরীক্ষার্থীসহ চার ভাই-বোনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন কৃষক পরিবার। ওই মামলা প্রত্যাহার করতে কৃষক আবু তাহের ও তার পরিবারের সদস্যদের আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এনিয়ে ফের হামলার আশংকায় নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবারটি। রবিবার (১৫ এপ্রিল) দুপুরে তাহের লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।এসময় তিনি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ১০ এপ্রিল রাতে পৌরসভার সাহাপুর এলাকার আবদুল মান্নানের ছেলে জহির সহযোগীদের নিয়ে তাহেরের পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ডুকে মরিচ মোশানো পানি সদস্যদের লক্ষ্য করে মারতে থাকে। এসময় তাহেরের ছেলে আলিম পরীক্ষার্থী দেলোয়ার হোসেন, ছেলে ইউছুফ, মেয়ে পান্না আক্তার ও সাফিয়া আক্তারকে বেদম পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

তাদের মাথা, মুখ, পাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। দেলোয়ার লক্ষ্মীপুর দারুল উমুল আলীয়া মাদ্রাসা আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আবু তাহের বাদী হয়ে পরদিন (১১ এপ্রিল) থানায় হামলাকারী জহিরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ খবরে ক্ষিপ্ত হয়ে ওঠে মামলার আসামিরা।

ক্ষতিগ্রস্থ আবু তাহের বলেন, পরিকল্পিতভাবে আমাদের ছেলে-মেয়েদের হত্যার করার জন্য নারকীয় হামলা চালানো হয়েছে। আমার পরীক্ষার্থী ছেলেকে নির্দয়ভাবে কুপিয়েছে। তারা মামলা প্রত্যাহার করতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ ব্যাপারে অভিযুক্ত জহির বলেন, জমির সব কাগজপত্র আমাদের কাছে আছে। আমরা মামলাটি আইনিভাবে মোকাবিলা করবো। মামলা নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ অলি উদ্দিন বলেন, মামলাটি তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলা প্রত্যহারে হুমকি দেওয়ার বিষয়টি আমি অবগত নয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন