লক্ষ্মীপুরে প্রবাসীর নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার খিদিরপুর গ্রামে জাহাঙ্গীর হোসেন নামে এক প্রবাসীর জমিতে নির্মাণাধীন দোকনঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ওই জমিটি জোরপূর্বক দখল করার পাঁয়তারায় স্থানীয় মাছ ব্যবসায়ী বিলাল হোসেন লোকজন দিয়ে ঘটনাটি ঘটিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রবাসী জাহাঙ্গীরের আত্মীয় মো. মিলন বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দালাল বাজার ইউনিয়নের খিদিরপুর গ্রামের মংরাজি বাড়িতে।
ভুক্তভোগী মিলন ও স্থানীয়রা জানায়, জাহাঙ্গীরকে তার দাদী সাড়ে তিন শতক জমি হেবা দানপত্র করে। একই মৌজায় তার চাচা রফিক উল্যাকেও সাড়ে ৩ শতক জমি দান করা হয়। দু’জনেরই সমানভাবে মালিকানা দানপত্রে উল্লেখ করা হয়। দাদীর মৃত্যুর কয়েক বছর পর জাহাঙ্গীর চাকরির খোঁজে বিদেশ চলে যায়। এরমধ্যে তার চাচা রফিক প্রতিবেশী মাছ ব্যবসায়ী বিলালের কাছে তার (রফিক) অংশের জমি বিক্রি করেন। আরও আশপাশে আরও কয়েক শতাংশ জমিও বিক্রি করেছেন। কিন্তু রফিক জোরপূর্বকভাবে জাহাঙ্গীরের সাড়ে তিন শতক জমি দখলের পাঁয়তারা করে আসছে। এনিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর ও বিলালের মধ্যে বিরোধ চলে আসছে। একাধিকবার স্থানীয়ভাবে পরিমাপ ও মীমাংসাও হয়েছে। কিন্তু মীমাংসা মানছেন না বিলাল। ওই জমিতে বিলাল ১৪৪ ধারা জারির আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়। পরে জমিটিতে জাহাঙ্গীর তার শ্যালক মিলনকে দোকানঘর নির্মাণের জন্য বলে। মিলন টিনের বেড়া দিয়ে দোকানঘর নির্মাণ করলে বিলাল লোকজন দিয়ে তা ভেঙে দেয়। এছাড়া তারা কাজে বাধা ও মিলনকে ভয়ভীতিও দেখায়।
ভুক্তভোগী মো. মিলন বলেন, বিলাল আমার ভগ্নিপতির জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। জমিতে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর করেছে। এছাড়া আমাকেও মারধরের ভয়ভীতি দেখিয়েছে।
অভিযোগ অস্বীকার করে বিলাল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধ রয়েছে। আদালতে একটি মামলা বিচারাধীন আছে। এতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করতে গেলে তিনি বাধা দিয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা মীমাংসার জন্য উভয়পক্ষে থানায় আসতে বলা হয়েছে।