আ.লীগ নেতার হামলায় মা ও দুই মেয়ে হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিরোধীয় জমি থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে মা ও দুই মেয়েকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে এক আওয়ামী লীগ নেতা। ঘটনার সময় এক মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ লামচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন ঢাকার কারাখানা শ্রমিক আবুল হোসেনের স্ত্রী হালিমা বেগম সুফিয়া, তার মেয়ে রুমি আক্তার ও ঝুমুর আক্তার। অভিযুক্ত আবুল খায়ের ভূঁইয়া উপজেলার লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
অভিযোগে জানা গেছে, উপজেলার দক্ষিণ লামচর গ্রামের শ্রমিক আবুল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ নেতা আবুল খায়েরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। আবুল হোসেন ঢাকাতেই থাকেন। তার পরিবারের কোন পুরুষ সদস্য নেই। দুই মেয়েকে নিয়ে তার স্ত্রী সুফিয়া গ্রামের বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার সময় বিরোধীয় জমি থেকে সুপারি পাড়তে যায় আবুল খায়ের ও তার ছেলে রুবেল। এসময় তাদের বাধা দিতে গেলে সুফিয়া ও তার দুই মেয়ে মারধর করা হয়। তাদের শরীরে বিভিন্নঅংশে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমার বাগান থেকে তারা সুপারী পাড়তে আসে। এক পর্যায়ে তারা আমার ছেলেকে মারধর করেছে। তাদেরকে মারধরের ঘটনাটি সত্য নয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আহতদের হাত, গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, ঘটনাটি শুনেটি । এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।