বাস্তব ভিত্তিক সংবাদ করলে উন্নয়নে সহায়ক হয় : মোঃ শাহজাহান
নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজ পোর্টাল মোহনানিউজ ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেছেন, বাস্তব ভিত্তিক সংবাদ পরিবেশন করলে উন্নয়ন করতে আমাদের সহায়ক হয়। সঠিক সংবাদের মাধ্যমে জাতি আসল রহস্য জানতে পারে। লক্ষ্মীপুরে বিভিন্ন সম্ভাবনা রয়েছে, এসব নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন করলে প্রশাসনসহ সংশ্লিষ্টদের নজর থাকে। কাজ বাস্তবায়নে গতি আসে।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের চকবাজারের রতন প্লাজার অস্থায়ী কার্যালয়ে মোহনানিউজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। স্বপ্নের কাছাকাছি স্লোগান নিয়ে অনলাইনটির যাত্রা শুরু।
অনুষ্ঠানে তিনি আরো বলেন, লক্ষ্মীপুরে অভ্যান্তরীন সড়কগুলোর বেহাল অবস্থা। প্রতিনিয়ত চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হয়। প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন মিডিয়াতে রাস্তা-ঘাটের বাস্তব চিত্র তুলে ধরলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের বিষয়গুলো নজরে আসে। এতে কাজ করতে সহযোগীতা হয়। উন্নয়ন, রাজনীতি ও জাতীয় ভোটের অবস্থা নিয়ে সঠিক তথ্য তুলে ধরলে জাতি উপকৃত হবে।
মোহনানিউজের চীফ এডমিন জামাল উদ্দিন রাফির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার কামাল হোসেন, দৈনিক রূপসী লক্ষ্মীপুর’র সম্পাদক কামাল উদ্দিন হাওলাদার, দৈনিক ভোরের মালঞ্চের সম্পাদক মতিউর রহমান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত, দৈনিক কালের কন্ঠ’র প্রতিনিধি কাজল কায়েস, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান ও সাপ্তাহিক নতুন পথ’র সম্পাদক বিএম সাগর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে অনলাইন সংবাদ মাধ্যম আছে অনেক। এরমধ্যে আমাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম বেচে নিতে হবে। মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে মোহনানিউজ মূলধারার সাংবাদিকতা করবে। এতে লক্ষ্মীপুরের তৃণমূল পর্যায়ে সমস্যা-সম্ভাবনা উঠে আসবে। ঘটনার পিছনের খবর দায়িত্বশীলভাবে অনলাইনে তুলে আনতে পারলেই মোহনানিউজকে পিছনে ফিরে তাকাতে হবে না। স্থানীয় উন্নয়নের পাশাপাশি অনলাইটিও তথ্য ভান্ডার হিসেবে সমৃদ্ধ হবে।