বাবার বটির কোপে ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জের ধরে মো. সাগর নামে এক ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তার বাবা বেলায়েত হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায়।
সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই বেলায়েত হোসেনকে আটক করে পুলিশ।
জানা গেছে, রায়পুর পৌর শহরের মধুপুর এলাকায় ছেলেসহ এক সঙ্গে থাকতেন পরিবারের সবাই। নিহত ছেলে মা-বাবার অমতে একাধিক বিয়ে করায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। রাতে বাবা-ছেলের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে বাবা ভটি দিয়ে ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলাইমান বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।