লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী তথ্য মেলা শুরু
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে ২দিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে এ মেলার আয়োজন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর।
সোমবার সকালে জেলা প্রশাসক প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এরআগে র্যালি, আলোচনা সভা, দুর্নীতি বিরোধী অটোগ্রাপ সংগ্রহ, শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য ও দুর্নীতি সংক্রান্ত কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে তথ্য অধিকার আইন ২০০৯ এর নির্ধারিত ফরম পূরণের কৌশল সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর।
“তথ্যই শক্তি, জানবো জানাবো-দুর্নীতি রুখবো” এই স্লোগানে সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটির সমাপ্তি ঘটে। পরে জেলা কালেক্টরেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল হক মল্লিক। অধ্যাপক কার্তিক সেনগুপ্ত এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, টিআইবি কুমিল্লা ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুন কবির, আবুল মোবারক ভূঁইয়া, আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।
সভা শেষে তথ্য মেলা পরিদর্শন করেন আয়োজক ও অতিথিবৃন্দ। এসময় দুর্নীতি বিরোধী স্বাক্ষর ও অটোগ্রাপ সংগ্রহ করা হয়। এবছর সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০টি স্টল মেলায় বসানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলার সমাপ্তি।