আজ লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন
মোহনানিউজ: সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদুল আজহা উদযাপন করছেন।
মঙ্গলবার সকাল ৯টায় খান্কায়ে মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ উপজেলা শাখার ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন মাওলানা মো. মনিরুল ইসলাম মজুমদার। এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ পরবর্তী তারা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এরপর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কুরবানির পশু জবাই করেন।
মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এসব গ্রামের মুসল্লিরা গত ৩৮ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।