রায়পুরের সড়ক মানসম্মত নির্মাণের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক ও রায়পুর উপজেলা অভ্যন্তরীণ সড়কগুলো দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৭ এপ্রিল) বিকেলে রায়পুরের প্রধান সড়কের পুরাতন শহীদ মিনার এলাকায় উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলন এ আয়োজন করেন। এসময় দুর্ভোগের শিকার বিভিন্ন শ্রেণি- পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্মিলিত সামাজিক আন্দোলনের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, শিশু-কিশোর সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ রহিম ও সম্মিলিত সামাজিক আন্দোলন লক্ষ্মীপুর শাখার আহবায়ক শাহজাহান কামাল প্রমুখ।
বক্তারা বলেন, পুরো জেলার অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল অবস্থা। এতে নিত্য চলাচলকারী মানুষের দূর্ভোগের শেষ নেই। ধুলাবালির যন্ত্রণায় রাস্তায় বের হওয়া কষ্টকর। যে সড়কগুলোর কাজ হচ্ছে, তাতে নিম্মমানের সামগ্রী ব্যবহার ও ঠিকাদাররা নিজের ইচ্ছেমত কাজ করছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি না থাকায় নির্মাণ কাজে ধীরগতি। জনগণের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে সড়কগুলো দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণের জোরালো দাবি করা হয়।