রামগঞ্জে শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোহনানিউজ: লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩য় শ্রেনীর মাদ্রাসা ছাত্রীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেয় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেবের সঞ্চালনায় ও পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হোসেন নয়ন, সাংবাদিক খালেদ মাহমুদ ফারুক, আবু তাহের,পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন,মোঃ নূর হোসেন,মোঃ মনির হোসেনম, মোঃ আমির হোসেন প্রমূখ।
এর আগে সোমবার (২৬মার্চ) দুপুরে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী নুশরাত (৮) নিখোঁজের তিনদিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ীর সামনের ব্রীজের নিছ থেকে শিশু নুশরাতের লাশ উদ্ধার করা হয়। এসময় তার গলায় ফাঁস দেয়া অবস্থা দেখতে পায় স্থানীয়রা।