কমলনগরে অবৈধ মাটি কাটা বন্ধ করলেন প্রশাসন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর থেকে মাটি কাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার। এর আগে গত কয়েকদিন যাবত মেঘনারপাড় থেকে মাটি কেটে জেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ ব্যবসা করে যাচ্ছে অসাধু একটি চক্র। মাটি কাটা বন্ধ হওয়ায় নদী ভাঙন কবলিত এলাকার জনগণের মাঝে স্বস্তি ফিরেছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার চরকালকিনি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জাফর আকবর হোসাইনকে ঘটনাস্থলে পাঠিয়ে মাটি কাটা বন্ধ এবং জড়িতদের সতর্ক করেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বলেন, মেঘনা নদীর তীর থেকে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাকে দিয়ে নদীর তীরের মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে একটি অসাধু চক্র কমলনগরের চর কালকিনি ইউনিয়নের নবীগঞ্জ এলাকার মেঘনারপাড় থেকে মাটি কেটে জেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানায়।