২২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১২ জুলাই, ২০১৮ ১২:১৮ পূর্বাহ্ণ

রায়পুর সংবাদদাতা :

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২২ মামলার আসামি সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল (৩২) নিহত হয়েছে। বুধবার (১১ জুলাই) ভোরে উপজেলার চরপাতা ইউনিয়নের সিংয়েরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বন্ধুকযুদ্ধের সময় পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এলজি, তিন রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলির খোসা এবং তিনশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত সোহেল উপজেলার দেনায়েতপুর গ্রামের সর্দার বাড়ির মৃত আবদুল মুনাফের ছেলে।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে নিয়ে রায়পুরের চরপাতার সিংয়েরপুল এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে ইয়াবা উদ্ধারে পুলিশ অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। একপর্যায়ে সহযোগীদের গুলিতেই সোহেল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আহত পুলিশ সদস্যরা হলেন রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন ও গোলাম মোস্তফা। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, সোহেল পুলিশের তালিকাভুক্ত হত্যা, ডাকাতি ও মাদকসহ ২২ মামলার আসামি। তাকে নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গেলে সহযোগীদের সঙ্গে বন্ধকযুদ্ধ হয়। তাদের গুলিতেই সোহেল নিহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন