সড়ক সংস্কারের দাবিতে ভবানীগঞ্জে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চৌরাস্তা-ভবানীগঞ্জ বাজারের এক কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভবানীগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় দ্রুত সড়কটি সংস্কার করে জনদূর্ভোগ লাগবের দাবি জানানো হয়।
জানা গেছে, উপজেলার চৌরাস্তা-ভবানীগঞ্জ বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়কে ৫টি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন থেকে সড়কটির কয়েকটি স্থানে দেবে গিয়ে ভাঙন দেখা দিয়েছে। এতে চলাচলে বিঘœ ঘটছে।
বৃষ্টি হলে ভেঙে যাওয়া স্থানগুলোতে পানি জমে থাকে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় মালামাল আনার সময় ভ্যান গাড়ি ও রিকশা থেকে পড়ে গিয়ে ব্যবসায়ীদের ক্ষতির শিকার হতে হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তছলিম উদ্দিন, আ.লীগ নেতা শামছুল হক, শ্রমিক নেতা মো. রিপন হোসেন, স্থানীয় ব্যবসায়ী শামছুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম প্রমুখ।