সেন্ট মার্টিন দাবি থেকে সরে গেছে মিয়ানমার

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০১৮ ১১:৩০ অপরাহ্ণ

‘মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট’ নামের একটি ওয়েব সাইটে সেন্ট মার্টিনকে নিজেদের বলে দাবি করার পর বাংলাদেশে প্রতিবাদের মুখে ওই তথ্য সরিয়ে নিয়েছে মিয়ানমার। 

রোববার (০৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শহীদুল হক।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এরপর তারা তাদের ওয়ের সাইট থেকে এটি সরিয়ে ফেলেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি ডাঃ দীপু মনি  বলেন, ‘এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। কমিটি এ বিষয়ে তৎপর থাকার এবং ওই দেশের অন্যকোন ওয়েবসাইটে কিংবা অন্য কোথাও এ ধরণের তৎপরতা রয়েছে কিনা তা মনিটর করার সুপারিশ করে।’

বৈঠকে সদ্য শেষ হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিবরণ উপস্থাপন করা হয়। বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান ও বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দের বিভিন্ন ইতিবাচক মন্তব্য তুলে ধরা হয়।

বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে যে কোন ধরণের নেতিবাচক প্রচারণা মোকাবেলায় সার্বক্ষনিক তৎপর থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বৈঠকে।

কমিটির সভাপতি ডাঃ দীপু মনি  বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন ও বেগম মাহজাবিন খালেদ অংশগ্রহণ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন