সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে
নিজস্ব প্রতিনিধি : সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে। সমাজ থেকে মাদক , বাল্য বিবাহ ও ইভটিজিং দূর করতে হবে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠকসমূহের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোমবার (২ জুলাই) দুপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এ অনুদানের চেক বিতরণের আয়োজন করেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: শাহাজান আলী।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন, মমতাজ বেগম, সলীল ব্যানার্জি, আবুল কাশেম মাষ্টার, আবদুল খালেক, আবদুল ওয়াহেদ প্রমুখ।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে ২০১৭-২০১৮ অর্থ বছরে ৪৮ টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কে ৮ লাখ ৪০ হাজার টাকা, রোগী কল্যাণ সমিতি ৫ টি কে ১০ লাখ ৫০ হাজার টাকা, সমন্বয় পরিষদ ১ টি কে ১ লাখ ৯০ হাজার টাকা, অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতি ১ টি কে ১ লাখ ৪৫ হাজার, জেলা সমাজ কল্যাণ পরিষদ ১ টি কে ৫ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৫৬ টি বিভিন্ন শ্রেণির স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে মোট ২৭ লাখ ৭৫ হাজার টাকার একাউন্টপেয়ী অনুদানের চেক বিতরণ করা হয়।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান নির্বাহীদের হাতে অনুদানের চেক তুলে দেয়।