লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ (বাংলা ১৪২৫) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্দ্যেগে জেলা কারেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা স্টেডিয়াম মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে জেলাবাসী বর্ষবরণ পালন করেন। র্যালিতে বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুরগাড়ী, হাতি, পালকী, জেলে ও কামার-কুমার সস্প্রদায়সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক শোভা পায়।
জেলা স্টেডিয়াম মাঠে আলোচনা সভা ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন নাহার লাইলী, পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।