রামগতিতে অটোরিকশা চাপায় ব্যবসায়ী নিহত
রামগতি সংবাদদাতা :
লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় মো. আবদুল্লাহ পাটওয়ারী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রামগতির আলেকজান্ডার বাজারের বাণী সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আলেকজান্ডার বাজারের ব্যবসায়ী এবং ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি থেকে আলেকজান্ডার বাজারে যাওয়ার সময় আবদুল্লাহ রিকশায় উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। এসময় পেছন থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়।
এতে গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আরিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।