মন্ত্রীর ভবনের রাস্তা প্রশস্তকরণে উচ্ছেদ অভিযান ?

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একে এম শাহজাহান কামাল এমপির লক্ষ্মীপুর শহরের নির্মাণাধীন বহুতল ভবনের সামনের রাস্তা প্রশস্তকরণে নোটিশ ছাড়াই তিনটি ব্যবসা-প্রতিষ্ঠান উচ্ছেদ করার অভিযোগ উঠেছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে হঠাৎ শহরের চকবাজার এলাকায় জেলা পরিষদ থেকে বন্দোবস্ত নেওয়া দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয়। এনিয়ে ওই ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সদস্য।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির রহমান সানির নেতৃত্বে একদল শ্রমিক নিয়ে এ অভিযান চালায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ, জেলা পরিষদ থেকে বন্দোবস্ত নিয়ে ৫০ বছরেরও বেশী সময় ধরে দোকানগুলো (চান্দিনাভিটা) ভোগ দখল করে আসছেন তারা। বিকালে প্রশাসনের লোকজন এসে তাদের ‘দুই মিনিটের’ মধ্যে দোকানগুলো ছেড়ে দেওয়ার জন্য বলেন। এসময় তারা দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি। মুহুর্তের মধ্যে শ্রমিকরা দোকানগুলোর টিনের চাল খুলে ফেলে দেওয়াল গুড়িয়ে দেয়। ওই দোকানগুলো হলো বায়েজিদ পোশাক বিতান, সজীব স্টোর ও বিন্দু কালেকশন।

তাদের ভাষ্যমতে, রাস্তা সম্প্রসারণের অজুহাতে দেখিয়ে মন্ত্রীর ব্যক্তিগত সুবিধার জন্য ক্ষমতার দাপটে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এতে কোন নিয়ম রক্ষা হয়নি।

্নাম প্রকাশে অনিচ্ছুক লক্ষ্মীপুর বণিক সমিতির মাধ্যম সারির এক নেতা বলেন, মন্ত্রীর ব্যক্তিগত সুবিধার জন্য বন্দোবস্তকারীদের উচ্ছেদ করা ঠিক হয়নি। এতে আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। পাশাপাশি সংসদ নির্বাচনের ভোটের মাঠে প্রভাব পড়ার আশংকা করা হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থলে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির রহমান সানির বক্তব্য দিতে রাজি হননি। এদিকে সেখানে উপস্থিত থাকা জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমান গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি।

তবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল বলেন, জেলা পরিষদ আমাদের কাছে উচ্ছেদ অভিযানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছেন। আমরা সেখানে ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি। ব্যবসায়ীদের নোটিশ দিয়েছে কি, দেইনি তা জেলা পরিষদের এখতিয়ার।

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, রাস্তার সম্প্রসারণের জন্য দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। ওই জমিটি এক বছরের জন্য বন্দোবস্ত ছিল। তাদের মৌখিকভাবে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

বক্তব্য জানতে রবিবার রাত সাড়ে ৭ টার দিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একে এম শাহজাহান কামালের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কেউ ধরেননি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন