নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ মিলল খালে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ মার্চ, ২০১৮ ৪:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের তিনদিন পর নুসরাত জাহান (৮) নামের এক মাদ্রাসাছাত্রীর অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের খালের ব্রীজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুসরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও গ্রামের ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী।

জানা যায়, গত শুক্রবার (২৩ মার্চ) জুমার নামাজের আগে নুশরাত নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তার সন্ধান পায়নি পরিবার। পরদিন শনিবার সকালে তার মামা জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।

ঘটনার সময় ওই খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ বস্তাটি উদ্ধার করে একটি শিশুর অর্ধগলিত মরদেহ পায়। এসময় তার গলায় ফাঁস লাগানো ছিল। প্লাষ্টিকের বস্তাটির মুখ রশি দিয়ে বাধা ছিল। খবর পেয়ে নুশরাতের মা রেহানা বেগম ও মামা জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে নুসরাতের লাশ সনাক্ত করে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, কী, কারনে কারা শিশুকে হত্যা করেছে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন