ছাত্রদলের সম্পাদক সোহেলকে ছাত্রলীগের মারধর, পুলিশে সৌপর্দ

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১২ জুলাই, ২০১৮ ১২:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইসহাক সরকারের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বের করা ছাত্রদলের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেলকে মারধর করে পুলিশে সৌপর্দ করা হয়।

পরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাড়ির সামনে ঝুলানো বেশ কয়েকটি দলীয় ফেস্টুন ভাঙচুর করে তারা। বুধবার (১১ জুলাই) দুপুরে শহরের হাসপাতাল ও গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, খালেদা জিয়া ও ইসহাক সরকারের মুক্তির দাবিতে শহরের পুরাতন আদালত সড়ক থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি হাসপাতাল সড়কে পৌঁছলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে ছাত্রদল নেতা মুকিতকে ধরে মারধর করে পুলিশে দেয় তারা। এসময় হামলায় পৌর ছাত্রদলের সদস্য মো. নাঈম আহত হয়। একপর্যায়ে ছাত্রলীগ মিছিল নিয়ে এ্যানী চৌধুরীর গোডাউন রোডের বাড়ির সামনে ঝুলানো বেশ কয়েকটি ফেস্টুন ভাঙচুর করে। তখন এ্যানী চৌধুরী বাসায় ছিলেন না।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের শান্তিপূর্ন মিছিলে বিনা উস্কানিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। এসময় কয়েক নেতাকর্মীকে মারধর করে আহত করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানায়।

অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, কোটা সংস্কারের আন্দোলনের নামে ছাত্রদল-শিবির বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।

সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে এ্যানী চৌধুরীর বাড়িতে গিয়েছি। সেখানে কয়েকটি পেস্টুন পড়ে থাকতে দেখা যায়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বিশৃঙ্খলার চেষ্টাকালে ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন