মজুচৌধুরীর ঘাটে ফেরি সংকটে যানবাহন আটকে দূর্ভোগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০১৮ ৬:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ফেরী সংকটে লক্ষ্মীপুরের মজুচৌধুরির হাট এলাকায় আটকে পড়েছে পন্যবাহী প্রায় শতাধিক যানবাহন। শনিবার দুপুর ১টা পর্যন্ত মজুচৌধুরীর হাট-লক্ষ্মীপুর সড়কে এসব যানবাহন থমকে রয়েছে। যথা সময়ে ফেরি না পাওয়ায় এ দূর্ভোগ দেখা দিয়েছে।

হাইড্রোগ্রাফিক চার্ট সূত্রে জনাগেছে,২০১৫ সালের জরিপ অনুযায়ী মালবাহী ফেরি চলাচলের জন্য কমপক্ষে ২ মিটার পানির গভীরতা দরকার। লক্ষ্মীপুর (মজুচৌধুরীর হাট), ভোলা (ইলিশা) ২৬ কিলোমিটার নৌ পথের কালিপুর ও রহমতখালী খালে গভীরতা আছে ১.৮৩ মিটার।

নরসিংদী থেকে আসা মালবাহী ট্রাক চালক হেলাল উদ্দিন বলেন, ভোলা যেতে আগের চেয়ে দিগুন সময় লাগছে। ফেরি সংকটের কারনে এ সমস্যা দেখা দিচ্ছে। এজন্য গাড়ীতে ৫-৭ ঘন্টা সময় বসে কাটাতে হয়।

কিষাণী ফেরীর দায়িত্বে থাকা মাষ্টার মামুন হোসেন বলেন, ভোলা-মজুচৌধুরীর হাট নৌ রুটে তিন স্থানে পানির গভীরতা কম থাকায় ফেরি চলাচলে ব্যাঘাত ঘটছে। এতে ফেরি চলাচলে দিগুন সময় লাগে। যার কারনে যানবহন আটকে পড়ে থাকে।

বিআইডব্লিউটিসি লক্ষ্মীপুরের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, পানির গভীরতা কম থাকায় ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। ড্রেজিং মেশিন আনা হয়েছে। কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে। আশা করছি ড্রেজিং শেষে এ সংকট নিরসন হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন