সুপারিতে নিষিদ্ধ কেমিক্যাল মিশানোর অভিযোগে আটক ২
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে নিষিদ্ধ হাইড্রোজ ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে সুপারির রং মিশানোর অভিযোগে দুই শ্রমিককে আটক করা হয়েছে। এসময় ৬৫ বস্তা সুপারি জব্দ করা হয়। বুধবার বিকেলে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে সুপারির বস্তা জব্দ ও শ্রমিকদের আটক করে সদর উপজেলা প্রশাসন।
আটককৃতরা হলেন, উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে বেলাল হোসেন ও চররুহতা ইউনিয়নের চরমন্ডল গ্রামের মৃত. আবুল কালামের ছেলে বাবুল হোসেন।
পরে রাতে আটককৃত দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত সুপারি রোলার দিয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী বলেন, সুপারিতে ক্ষতিকারক কেমিক্যাল মিশানোর খবর পেয়ে বিকেলে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে হাতে-নাতে বেলাল ও ইদ্রিসকে আটক করা হয়েছে। এসময় প্রায় ৩ লাখ টাকার বিষাক্ত সুপারি জব্দ করা হয়।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত সুপারি বিনষ্ট ও আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভবিষ্যৎ এ ধরণের কাজ করবেনা মর্মে তারা মুচলেকা দেয়। তবে মালিক পক্ষের কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।