সিএনজি কেড়ে নিলো স্কুল ছাত্রের প্রাণ
রায়পুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ফাহাদ হোসেন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার চরমোহনা ইউনিয়নের মাইজের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ আবদুল আলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও স্থানীয় আলম মিঝির ছেলে। এ ঘটনায় সিএনজিসহ চালক বিল্লাল হোসেনকে আটক করে স্থানীয় লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮ টার দিকে ফাহাদ রাস্তা পার হচ্ছিল। এসময় রায়পুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী (লক্ষ্মীপুর মেট্র ১১-১০৬৪) সিএনজিটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এসময় উত্তেজিত লোকজন সিএনজিসহ চালককে আটক করে।
এ ব্যাপারে রায়পুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোলায়মান বলেন, নিহত শিশুর পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতা হওয়ায় সিএনজিসহ চালককে ছেড়ে দেওয়া হয়।