লক্ষ্মীপুরে বিদ্যালয় সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৪ জুলাই) দুপুরে বৃষ্টি উপক্ষো করে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ আয়োজন করেন। হারুন জেলা যুবলীগের সদস্য। গত ২২ মে ষড়যন্ত্রমূলক একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে রয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এসময় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান, নার্গিস আক্তার, হারুনের সহধর্মিনী শিরিন আক্তার, স্থানীয় যুবলীগ নেতা আবদুল করিম মিয়াজি, অভিভাবক নুরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, রায়হান হোসেন ও রুবেল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, রাজনৈতিকভাবে হেয় করার লক্ষ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে হারুনকে কারাবন্দি করা হয়েছে। তিনি কোন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত নয়। দ্রুত তার মুক্তি দিতে হবে।