রায়পুরে খেলতে গিয়ে ওড়নার ফাঁস লেগে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২০ ৭:০৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে রায়পুরে নিজের ঘরে খেলা করতে গিয়ে গলায় ওড়নার ফাঁস লেগে নুসরাত আক্তার (৮) নামের বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

 

নিহত নুসরাত একই এলাকার কাভার্ডভ্যানচালক আবদুর রহিমের মেয়ে। এ ঘটনায় দুপুরে থানায় ইউডি মামলা করেছেন আবদুর রহিম। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিহত শিশুর দাদা আবদুস সামাদ জানান, নুসরাতের মা প্রায় ৫ বছর আগে পরকীয়ার কারণে স্বামীর ঘর ছেড়ে অন্য ছেলের সঙ্গে চলে যান। পরে আবদুর রহিম দ্বিতীয় বিয়ে করে চট্টগ্রামে বসবাস করেন। প্রতিবন্ধী মেয়েটি আমাদের কাছেই থাকত। ঘটনার সময় আমি বাজারে ও তার দাদি রান্নাঘরে ব্যস্ত থাকায় নিজের কক্ষে ওড়না দিয়ে খেলা করতে গিয়ে খাটের মধ্যে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়। পরে পুলিশ এসে মেয়েটির লাশ থানায় নিয়ে যায়।

 

 

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, বাকপ্রতিবন্ধী শিশুটি খেলতে গিয়ে ফাঁস লেগে মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন করে মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির বাবা ইউডি মামলা করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন