যমুনা টিভি ও যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ওপর হামলা
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশন-যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অবস্থানরত হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
হামলায় প্রায় ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার রাত আনুমানিক ১০টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়।
এছাড়া হোটেলের নিচে থাকা ১৬টি গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করে সন্ত্রাসীরা।
হোটেলে অবস্থানরত সাংবাদিকদের প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখা হয়।
তাৎক্ষণিকভাবে, আইনশৃঙখলা বাহিনীকে জানানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছেনি।
যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা বলেন, অতর্কিত ৩০-৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের হোটেলে হামলা চালায়। আমরা থানা নির্বাহী অফিসার, পুলিশের ওসিকে জানালেও কোনো ধরনের সাড়া পাইনি। গণমাধ্যমকর্মীরাই যদি এভাবে আক্রান্ত হন, তাহলে এখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায় ?
এর আগেও ঢাকা-১ আসনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের যানবাহনে হামলার ঘটনা ঘটেছে।