তসলিমা নাসরিনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০১৮ ১২:৫০ পূর্বাহ্ণ
Bangladesh Author Tasleema Nasreen. Express Photo by Tashi Tobgyal New Delhi 241016

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি গ্রহণ করা হয়। মামলা নম্বর-৩৬।

‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক একটি কলাম লেখায় তসলিমার বিরুদ্ধে দৈনিক ‘আল বাইয়েনাত’ মাসিক পত্রিকার সম্পাদক মুহম্মদ মাহবুব আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় তসলিমাসহ চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, অনলাইন পোর্টাল ‘উইমেন চ্যাপ্টার’ সম্পাদক সুপ্রীতি ধর, সুচিষ্মিতা সিমন্তি ও লীনা হক। মামলায় লেখিকা তসলিমাসহ চার আসামিদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষমূলক লেখা প্রকাশের অভিযোগ আনা হয়।

এ বিষয়ে শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, মাহবুব আলমের আবেদনের প্রেক্ষিতে আদালত মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বাদীর অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

ওসি আরও বলেন, যেহেতু আসামিদের মধ্যে লেখিকা তসলিমা নাসরিন দেশে নেই। তিনি ভারতে থাকেন। তাই তাকে এ মুহূর্তে গ্রেফতার করা সম্ভব নয়। তবে বাকি আসামিদের বিষয়ে ঊর্ধ্বতনদের নির্দেশে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র জানায়, ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে লেখিকা তসলিমা নাসরিন ও উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধরসহ চারজনের বিরুদ্ধে গত ১৮ এপ্রিল শাহজাহানপুর থানায় মামলা করতে যান দৈনিক ‘আল বাইয়েনাত’ মাসিক পত্রিকার সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম। এ সময় মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

পরে ১৯ এপ্রিল আদালতের দারস্ত হলে গত বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ এর ৫৭ ধারায় মামলাটি নিতে শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে ট্রাইব্যুনাল মামলার বিষয়ে শুনানি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটকে অভিযোগটির বিষয়ে তদন্ত করার আদেশ দেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন