এতিমখানার উন্নয়নে লাখ টাকা অনুদান শাহজাহানের
নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : লক্ষ্মীপুরের কমলনগরে আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এসময় এতিমখানার উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান।
সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠতা সভাপতি এনটিভি’র বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহিদের সঞ্চালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।মাহফিলে ওয়াজ করেন তোরাবগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোহসিনসহ আমন্ত্রিত অতিথিরা । ওয়াজ মাহফিলে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এই এতিমখানা নদীভাঙ্গা অসহায় দরিদ্র ও বাবা-মা হারা শিশুদের আশ্রয়স্থল। এসব কোমলমতি শিশুরা কোরআন ও দীনি শিক্ষা গ্রহণ করে সমাজকে আলোকিত করবে। আমি এসব এতিমদের পাশে থাকবো এবং এতিমখানার কল্যাণে কাজ করে যাবো। এসময় তিনি এই এতিমখানায় ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
মাহফিলে শেষে মুনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
প্রসঙ্গত, এনটিভি’র বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক আবদুস শহিদ তার মা-বাবার নামে তোরাবগঞ্জ এলাকায় আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন।