অধিনায়ক নয়, ক্রিকেটার হিসেবে খেলবেন মিরাজ
বিপিএল চলাকালে অধিনায়ক বদলের ঘটনা নতুন নয়। ঘোষিত অধিনায়ক মাশরাফি ফিট থেকেও একাদশে খেলার সুযোগ পাননি। মুশফিকুর রহিমের হাত থেকে ক্যাপ্টেনসি কেড়ে নেয়া হয়েছে। মাঝপথে এসে অধিনায়ত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি, এসব দৃষ্টান্তও আছে।
যেহেতু বিপিএলে দলের মালিকানা ফ্রাঞ্চিইজির। তাই অধিনায়ক নির্বাচন, একাদশ গঠনে বিসিবির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তাহলে শনিবার ইংল্যান্ডগামী কোচ পল নিক্সনের প্রস্তাবে টিম ম্যানেজমেন্টের ক্যাপ্টেনসি কেড়ে নেয়ায় মিরাজ কেনো ক্ষুদ্ধ হলেন ?
কেনোই বা বিসিবির সিইওকে ই-মেইলে ফ্রাঞ্চাইজির সিইও’র বিরুদ্ধে অভিযোগ পাঠালেন ? চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আর খেলবেন না বলে গণমাধ্যমকে কেনো তার সিদ্ধান্তের কথা জানালেন ? কেনোইবা এই ইস্যুতে রবিবার বউ বাচ্চা নিয়ে চট্টগ্রাম থেকে সন্ধার ফ্লাইটে উড়াল দেয়ার সিদ্ধান্ত নিলেন ?
মিরাজের যতোসব অভিযোগ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপরেটিং অফিসার ইয়াসির আলমের বিপক্ষে। তা জেনে দলটির মালিক রিফাতুজ্জামান রবিবার রাতে বিশেষ উদ্যোগ নিয়ে মিরাজ-ইয়াসিরের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান করিয়েছেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছেড়ে যাচ্ছেন না, সমঝোতার পর তা জানিয়েছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রবিবার রাতে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তা পরিস্কার করেছেন মিরাজ-‘যেভাবে সব হয়েছিল, তাতে আমি অপমানিত বোধ করছিলাম। উনাদের ফ্র্যাঞ্চাইজি, যাকে ইচ্ছে অধিনায়ক বানাবেন, যাকে ইচ্ছে খেলাবেন। তারা না চাইলে তো আমি খেলতেও পারব না। আমি ক্যাপ্টেনসি নিজে চেয়ে নিইনি। তবে যেভাবে ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আমাকে দলের ম্যানেজার (ফাহিম মুনতাসির সুমিত) বলেছেন, আমি আর ক্যাপ্টেন নই, এটা আমার জন্য খুব শকিং ছিল। আগে থেকে জানলে আমিই সতীর্থদের বলতাম। আমারও একটা প্রস্তুতি থাকত। এভাবে ম্যাচের কিছুক্ষণ আগে বলাটা আমি মানতে পারিনি।’
রবিবার বিকেলে তাকে পথরোধ করে ঢাকায় ফেরা ঠেকানো হয়েছে যখন, তখন শর্ত দিয়েছিলেন-সিওও কে দল থেকে অপসারণ করতে হবে। তা না হলে খেলবেন না। তবে দলটির মালিকের মধ্যস্থতায় সমঝোতা হওয়ার পর সে অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন মিরাজ।
ক্যাপ্টেনসি হারিয়েছেন বলে ক্ষুদ্ধ হলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আর ক্যাপ্টেনসি করবেন না বলে সিদ্ধান্ত স্থির করেছেন মিরাজ- ‘আমি এই দলে একজন খেলোয়াড় হিসেবে খেলে যাব। কিন্তু উনারা কখনও যদি অধিনায়ক করতেও চান, আমি ভাইয়ার সামনেই বলছি, নেব না।’