লক্ষ্মীপুরে অনুদানের চেক বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০১৮ ২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত হওয়া ১০৬ জন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্ত্বরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আবু তাহের।


জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ট্রাফিক উপ-পরিদর্শক (টি আই) মামুন আল আমিন, সিএনজি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদ্দনবী সোহেল, সহ-সভাপতি রাকিব পাটোয়ারী প্রমূখ।

জানা যায়, জেলার বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ১৫ জনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে, আহত ৯১ জন শ্রমিককে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয় এ দিন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন