পর্যটন মন্ত্রীর সামনেই ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১ মে, ২০১৮ ১২:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পর্যটন মন্ত্রীর সামনেই লক্ষ্মীপুরে নতুন কমিটিকে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ হলরুমে ছাত্রলীগের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সমাবেশ স্থলের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে। এতে উভয় পক্ষের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এমএ মমিন পাটওয়ারী ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে ফুল দিতে যায় বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হঠাৎ হাতাহাতির ঘটনা ঘটে। পরে সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু ও মীর শাহাদাত হোসেন রুবেল উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করেন। এসময় ১০-১৫ টি চেয়ার ভাঙচুর ও ৫ নেতাকর্মী আহত হয়।

জেলা ছাত্রলীগের আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সময় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানকে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন