লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে মালবাহী পিকআপ চাপায় মো. ফয়সাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরমান নামে আরেক যুবক। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ১০টার লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের ভবানীগঞ্জের খেজুর গাছ তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের কালা মিয়ার ছেলে এবং পেশায় তিনি ট্রাকচালক ছিলেন।

পুলিশ জানায়, ফয়সাল ও তার বন্ধু আরমান মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কর্মস্থল মজু চৌধুরী হাট এলাকায় যাচ্ছিলেন। পথে খেজুর গাছ তলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ফয়সাল পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরমান। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিকআপটি জব্দ করা সম্ভব হয়নি।

 

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন