রামগতিতে ইউএনও অপসারণের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলীর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২৮ মার্চ) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ বিক্ষোভ করা হয়। প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
আন্দোলনকারীরা জানায়, এ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ করা হয়।
এজন্য প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি তাকে বরখান্ত করা হয়। পরে ওই শিক্ষক ইউএনও’র হস্তক্ষেপে মাদ্রাসায় পূণর্বহাল হতে চাইলে কর্তৃপক্ষ তাকে গ্রহণ করেননি।
এনিয়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের ব্যাংক ব্যবস্থাপককে হিসেবে লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেন। এর প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষক বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা ইউএনওর অপসারণ দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়।
মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, আমরা ইউএনওর আক্রোশের শিকার। ব্যাংকে লেনদেন বন্ধ থাকায় ৩৭ জন শিক্ষকদের বেতন উঠানো বন্ধসহ ১২০০ এতিম শিক্ষার্থীর খাওয়া-দাওয়ার টাকা উত্তোলন করা যাচ্ছে না। মজুত খাবার শেষ হয়ে গেলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠছে। আমরা এ সংকট নিরসন চাই।
জানতে চাইলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, মাদ্রাসার দু’পক্ষের সমস্যার কারণে বিষয়টি তদন্তাধীন ছিল। এ কারণে ব্যাংক হিসেবে লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখন শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা হলে এটি চালু করার ব্যাংক ব্যবস্থাপককে বলে দেওয়া হয়েছে।