লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাকা ৭২ ঘন্টা কর্মবিরতির দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন লক্ষ্মীপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৯ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে পৌরসভার সকল সুবিধা বন্ধ (পানি ব্যাতিত) রয়েছে।
এসময় বক্তব্য রাখেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি প্রকৌশলী শামছুদ্দীন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার সচিব আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি প্রকৌশলী শামছুল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা ও পেনশন প্রদান করতে হবে। রাষ্ট্রীয় কোষাগার হতে অন্যান্য সুবিধা দিতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে।
এছাড়া ৭২ ঘন্টা পর কর্মসূচির পর দাবি আদায়ের লক্ষ্যে পানি বন্ধসহ আরো কঠোর আন্দোলন করা হবে বলে জানান। এদিকে কর্মবিরতির ফলে সকল কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন সুবিধা নিতে আসা পৌর এলাকার মানুষ।