রামগতিতে ভোট ডাকাতির আশংকা, প্রশাসনের ‘না’ 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০১৭ ৭:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোট (২৮ ডিসেম্বর) বৃহস্পতিবারে। ওই দিন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে।

এ নির্বাচনে ভোট ডাকাতি হবে বলে আশংকা করছেন প্রার্থীরা। তবে প্রশাসনের পক্ষে বলা হয়েছে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

এনিয়ে রামগতি থানায় এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ওই ব্রিফিং প্যারেডে নির্বাচনকে সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

এদিকে, ইউনিয়নটির নয়টি ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে একটি ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করেছেন নির্বাচন কমিশন। ওই ওয়ার্ড ছাড়া অপর ৮টি ওয়ার্ডে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রের পরিবর্তে আটটি ওয়ার্ডের নয়টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নয়টি কেন্দ্রের ৬২টি বুথে ১১ হাজার ৩৮২ জন পুরুষ এবং ১১ হাজার ৪৪০ জন নারী ভোটারসহ ২২ হাজার ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

৮টি ওয়ার্ডের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ, সাধারণ সদস্য পদে ৩০ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ মনোনীত আনোয়ার হোসেন (প্রতীক-নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত মো. নাজমুল হাসান (তারা), বিএনপি মনোনীত হাবিব উল্যাহ বাহার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. রিয়াজ হোসেন (হাতপাখা) এবং স্বতন্ত্র জাফর আহাম্মদ (চশমা) এ পাঁচ প্রার্থীর মধ্যে নৌকা ও তারা প্রতীকের প্রার্থীর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, উচ্চ আদালতের আদেশে এ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ হচ্ছে না। তবে এ ইউনিয়নের অপর আটটি ওয়ার্ডের ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে নির্বাচনী এলাকায় নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকার পাশাপাশি পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সার্বক্ষণিক তদারকি করবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন