লক্ষ্মীপুরে শাহজাহান কামালকে এলাকা ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি এ কে এম শাহজাহান কামালের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় কমিশনের উপ-সচিব আতিয়া রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। শাহজাহান কামাল সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
জানা গেছে, শুক্রবার সদর উপজেলার চেয়ারম্যান পদ এ কে এম সালাহ্ উদ্দিন টিপু (দোয়াত কলম) শাহজাহান কামাল এমপির বিরুদ্ধে অভিযোগ করেন।
এমপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান ও নৌকার মার্কার প্রার্থী আবুল কাশেমের পক্ষে প্রভাব বিস্তারের লিখিত অভিযোগ করেন নির্বাচন কমিশনে। এর প্রেক্ষিতে তাকে জরুরী ভিত্তিতে এলাকা ছাড়তে নির্দেশনা প্রদান করা হয়।
প্রসঙ্গত, শাহজাহান কামাল বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরে আসেন। শনিবার রাত ১০ টায় পর্যন্ত এমপি জেলা শহরের চক বাজারের বাসভবনে অবস্থান করছেন বলে জানা গেছে।