লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আলম নুরু নামে এক ডাকাতি মামলার আসামি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি ও ২টি ধারালো কিরিজ উদ্ধার করে পুলিশ। এসময় রফিক উল্যাহ ও রুবেল নামে দুই পুলিশ সদস্য আহত হয়। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত নুরু উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের শামছুদ্দোহার ছেলে। তার বিরুদ্ধে থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, রাতে চন্দ্রগঞ্জের গণিপুর এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযানে চালায়। এসময় উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড গুলি করে। এতে নুরুল আলম নুরু গুলিবিদ্ধ হয়।
অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ নুরুকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদ বলেন, নিহত নুরু পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জসহ বিভিন্ন থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে।