লক্ষ্মীপুরে পানিতে ডুবে মরল দুই শিশু
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খেলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। এনিয়ে ওই দুই শিশুর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হল সদর উপজেলার আবিরনগর এলাকার ট্রাক চালক রিয়াজ হোসেনের ছেলে রিয়ন (২) ও রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার মাহমুদুর রহমানের ছেলে আওতাফ (দেড় বছর)।
জানা গেছে, ঘটনার সময় পৃথক ঘটনায় ওই দুই শিশু খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুজির একপর্যায়ে পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে। পরে সদর হাসপাতাল ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুদেরকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে লক্ষ্মীপুর পানিতে ডুবে শিশু মৃত্যুহার বেড়ে গেছে। এক জরিপে দেখা গেছে, প্রতিদিনই পানিতে ডুবে এক শিশু মারা যাচ্ছে।