লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি, আহত ৬
নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।
এসময় ছাত্রলীগের ৪ নেতাকর্মী, স্থানীয় দোকানী ও তার কর্মচারী আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা মিনহাজ আলম সাকিব ও ফাহিম গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় আহত হন ছাত্রলীগের ৪ নেতাকর্মী। মারামারির ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে হাসপাতাল সড়কের মামুন নামে এক দোকানদার ও তার কর্মচারীকে মারধর করা হয়। আহত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন ফাহিম, মিরাজ, মঞ্জু ও বাহার।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও জিয়াউল করিম নিশান বলেন, মারামারির ঘটনায় ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোলায়মান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মারামারির ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয় এক দোকানী ও তার কর্মচারী আহত হন।
প্রসঙ্গত, প্রায় এক বছর আগে মিনহাজ আলম সাকিবকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় বহিস্কার করে জেলা ছাত্রলীগ। চলতি বছর ২৭ এপ্রিল তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। সাকিব কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন।