রায়পুরে ৬ জেলের জরিমানা, জাল ও নৌকা জব্দ
নিজস্ব প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদীতে মাছ ধরার সময় আটক ৬ জেলের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলেদের প্রত্যেকের ৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রায় ৯ হাজার মিটার জাল, ৮ টি মাছ ধরার ছোট নৌকা ও ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত নদীর রায়পুর অংশে এ অভিযান চালায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছিম বিল্লাহ মেঘনা নদীর পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ও কোস্টগার্ডের উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার মো. রাশেদুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়েছে। পরে তারা দোষ স্বীকার করলে ৫ হাজার টাকার করে জরিমানা করা হয়। তাদের নৌকা ও জাল জব্দ করা হয়েছে। এসময় উদ্ধার করা ৩০ কেজি মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান অব্যাহত থাকবে।