রামগঞ্জে শিশু নুশরাত হত্যার ঘটনায় আটক ৪
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসাছাত্রী নুশরাত জাহানকে (৮) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি। তবে প্রধান আসামি ধরা পড়লে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ।
এদিকে নুসরাতকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবিতে ঢাকা ও রামগঞ্জসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে।
রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২৩ মার্চ দুপুরে নুশরাত জাহান নিখোঁজ হন। পরদিন তার মামা জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেন। তিনদিন পর ২৬ মার্চ সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় খালে বস্তাবন্দি শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাতেই নিহতের মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত নুশরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও গ্রামের ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী। অন্যদিকে নুশরাতকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আলামত পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।