মেঘনায় নিন্মমানের তীর রক্ষা বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে ও নিন্মমানের তীর রক্ষা বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে ‘কমলনগর সুরক্ষা ফোরাম’র উদ্যোগে উপজেলার খায়েরহাট বাজারে এ মানববন্ধনের করা হয়। এতে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় নদী ভাঙনের হুমকিতে থাকা স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে দ্বিতীয় পর্যায়ের তীর রক্ষা বাঁধ দ্রুত নির্মাণ ও সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি জানায়।
জেলার উপকূলীয় রামগতি ও কমলনগর উপজেলায় নদী ভাঙন রোধে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। তা দিয়ে আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার, রামগতিরহাটে এক কিলোমিটার এবং কমলনগরে এক কিলোমিটার নদীর তীর রক্ষায় বাঁধ নির্মাণের কথা। ২০১৫ সালে সেনাবাহিনী আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার বাঁধ সফলভাবে বাস্তবায়ন করে।
কমলনগরের এক কিলোমিটার বাঁধ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণের দাবী থাকলেও তা করা হয়নি। কাজ করেছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নিম্মমানের কাজ হাওয়ায় একবছরে ওই বাঁধে ৬ বার ধস নামে। গত ১৫ জুলাই রাতে ফের ধস নামলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।