ফেনীতে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা
ফেনী জেলার সোনাগাজীতে গাঁজা কেনার জন্য দুইশ টাকা না পেয়ে আমেনা খাতুন (৫০) নামে এক মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে নুর করিম রাসেল (২৮) নামে এক মাদকাসক্ত ছেলে। রোববার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামে এ ঘটনা ঘটে।
পরে দুপুর একটার দিকে স্থানীয়রা মাদকাসক্ত ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী সাহাব উদ্দিন মারা যওয়ায় স্ত্রী আমেনা খাতুন সন্তান রাসেলকে নিয়ে চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামে পিতার বাড়িতেই বসবাস করতেন। তবে মাদকাসক্ত হয়ে কয়েক বছর থেকে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাসেল।
রোববার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাঁজা কেনার জন্য মায়ের কাছে দুশ টাকা দাবি করেন রাসেল। দাবিকৃত টাকা না পেয়ে ধারালো বটি দিয়ে আমেনাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে রাসেল। এ সময় প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে রাসেলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হাদী বাদী হয়ে ভাগ্নে রাসেলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।