দ্বিতীয় সন্তানের জনক হচ্ছেন ডু প্লেসিস
এখন চারদিকেই কেবল খারাপ খবর। সেটা দেশে কিংবা দেশের বাইরে। প্রাণঘাতী করোনাভাইরাসের রাজ্যত্বকালে খুশির খবর শোনাও যে বড় সৌভাগ্যের বিষয়।
তবে করোনা সঙ্কটের মাঝেও ক্রিকেট অনুরাগীরা পেয়েছেন আনন্দের খবর। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দিয়েছেন দ্বিতীয়বারের মতো বাবা হতে যাওয়ার সুখবর। দ্বিতীয় কন্যার জন্য অপেক্ষায় আছে তার পরিবার।
অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও দিয়েছেন খুশির বার্তা। দ্বিতীয়বারের মতো ছেলের বাবা হয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। বৈশ্বিক মহামারীর মাঝে খবর দুটো ক্রিকেট ভক্ত-সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিয়েছে জীবনের কষ্ট আর আতঙ্কভরা মুহূর্তগুলো।
ক্রিকেট প্রেমীদের জন্য এলো আরো একটি সুখবর। দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন ফাফ ডু প্লেসিস। তার ঘরে আসছে নতুন অতিথি। দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক ইনস্টাগ্রামে খুশির খবরটা দিলেও এবার ছেলে না মেয়ের বাবা হচ্ছেন। সেটা অবশ্য জানাননি।
ডু প্লেসিস ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হবু মা ইমারির একটি ছবি। তাতে একমাত্র কন্যা অ্যামিলিকে কোলে নিয়ে যেভাবে পোজ দিয়েছেন তার সহধর্মিণী। এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ইমারি।
ছবির পাশে প্লেসিস লিখেন, ‘পরিবার জীবনের সেরা সম্পদ। দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে কিছুতেই যেন তর সইছে না।’