লক্ষ্মীপুরে নিত্যপণ্যের বাজারে র‍্যাবের সুরক্ষা রেখা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২০ ৬:৩৮ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখতে লক্ষ্মীপুরে নিত্যপণ্যের বাজারগুলোতে সুরক্ষা বৃত্ত এঁকে দিলেন র‍্যাব। শনিবার (১১ এপ্রিল) বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের উদ্যোগে এ সুরক্ষা বৃত্ত দেওয়া হয়।

জানা গেছে, জেলা শহরের কাঁচা বাজার, মুরগির বাজার, মাংস বাজার ও চন্দ্রগঞ্জ বাজার এলাকায় নিত্যপন্যের দোকানের সামনে র‍্যাবের সদস্যরা সুরক্ষা বৃত্ত এঁকে দেয়। এসময় করোনা সংক্রামক রোধে ক্রেতা-বিক্রিতাদের সচেতনতামূলক পরামর্শ দেন তারা।

র‍্যাব কার্যালয় সূত্র জানায়, সারাবিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর সংক্রমণে বাংলাদেশেও মানুষ মারা যাচ্ছে। এতে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। তবেই এর থেকে মুক্তি সম্ভব। এজন্য বাজার ঘাটে জনসমাগম সৃষ্টি না করে শারীরিক দূরত্বও বজায় রাখতে হবে। এজন্য বিভিন্ন দোকানপাটের সামনে র‌্যাবের পক্ষ থেকে সচেতনামূলক সুরক্ষা রেখা এঁকে দেয়া হয়েছে।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. আবু ছালেহ জানান, করোনা রোধে সবাইকে বাড়িতে অবস্থান করতে হবে। জনসমাগম রোধে অন্যান্য বাহিনীর পাশাপাশি আমরাও মাঠে কাজ করে যাচ্ছি। অপ্রয়োজনে জনগণকে বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন