ছাত্রলীগ কর্মী হত্যার বিচার চেয়ে লক্ষ্মীপুরে মশাল মিছিল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ মার্চ, ২০২০ ১০:১৮ অপরাহ্ণ

নোয়াখালীর ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে লক্ষ্মীপুরে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯ টার দিকে শহরের উত্তর তেমুহনী থেকে সাবেক নেতাদের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার ও জামায়-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানায় বিক্ষুব্ধরা।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাবেক সহ-সভাপতি আশরাফুল আলম, বর্তমান সহ-সভাপতি রেজাউল করিম পারভেজ, শাহাদাত হোসেন , যুগ্ন-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন ইফতি,জাহিদুর হাসান শুভ, সাবেক ছাত্রলীগ নেতা ছগির আহমেদ ইমন, রাকিব পাটোয়ারি, শাহ নেওয়াজ হীরা, শাহাদাত হোসেন রায়হান ও সাইফুল ইসলাম রকি, রেজাউল করিম রিয়ানসহ শতাধিক নেতাকর্মী।

এদিকে ছাত্রলীগ কর্মী রাকিব হত্যায় মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করার কথা ছিল। কিন্তু সকালে কাল বৈশাখির ঝড়ে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়।

পরে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ ব্যক্তিগত ফেসবুকে স্টাটাস দিয়ে কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত জানান। সেখানে লেখা ছিল, ‘জরুরী সংবাদ, আবহাওয়া জনিত কারণে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পূর্ব ঘোষিত আজকের (মঙ্গলবার) কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিক্ষোভ মিছিলটি আগামিকাল (বুধবার) অনুষ্ঠিত হবে। আল্লাহ সকলের সহায় হোক’। একই কথা সাংবাদিকদের মুঠোফোনে জানিয়েছেন এই নেতা।

অন্যদিকে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করে লক্ষ্মীপুর জেলা কমিটির সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ব্যক্তিগত ফেসবুকে একটি আবেগঘন স্টাটাস দেন। সেখানে লেখা ছিল, ‘জামাত-শিবিরের হাতে ছাত্রলীগের রক্ত ঝড়লেও ছাত্রলীগের মন কাঁদেনা, তাহলে সুশীলদের কাঁদবে কিভাবে? প্রশ্ন করছি- কারণ নিজ জেলা লক্ষ্মীপুরের ছাত্রলীগ সভাপতির ফেসবুক আপডেট এবং ওদের বিগত দিনের কর্মকান্ড দেখে আমায় খুব আশাহত করেছে এবং সত্যিকার অর্থে আমি ক্ষুব্ধ। জানি, এই ক্ষুব্ধতায় হয়তো ওদের কিছু যায় আসে না।

আর আসবে কেন, ওরাতো এখন আর মুজিব আদর্শে চর্চায় ব্যস্ত না! ব্যস্ত টেন্ডারবাজি কিংবা কমিটি বানিজ্যে। কারণ টাকাই ওদের মুল আদর্শ। যার তথ্য প্রমাণ সমৃদ্ধ রয়েছ.. প্রকাশ্য বলার ইচ্ছে ছিল না, কিন্তু বলতে হচ্ছে। কারণ গোপনে যেহেতু ওরা সংশোধন হয়নি।

উল্টো তারা পিতা মুজিবের আদর্শিক সংগঠন, আমার প্রাণের ইউনিট লক্ষ্মীপুর ছাত্রলীগকে আজ কংলকিত করতে ব্যস্ত। শুধুমাত্র তাদের লোভলালসার কারণে। তখন কি আর ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে চুপ থাকা যায়’।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন