তরুণীকে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা যুবকের
চাঁদপুরে তরুণীকে ছুরিকাঘাত করে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। সোমবার বিকেলে চাঁদপুর শহরের অদুরে বাবুরহাট এলাকার একটি পার্কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত তরুণীকে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে, প্রাথমিক চিকিৎসার পর অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দীপু মজুমদার লক্ষ্মীপুরের রত্নেশ্বর মজুমদারের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিমউদ্দিন জানান, আহত তরুণী চাঁদপুরের একটি কলেজের স্নাতকের শিক্ষার্থী। দীপুর দাবি মেয়েটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তাঁর বিয়ে ঠিক হওয়ার কথা জানতে পেরে দীপু ঢাকা থেকে চাঁদপুর যান দেখা করতে। গতকাল তাঁরা বাবুরহাট এলাকার একটি পার্কে তারা দেখা করেন। এ সময় বিয়ে ঠিক হওয়া নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দীপু মেয়েটিকে ছুরিকাঘাত করে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাদের দুজনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দীপুকে আটক করে পুলিশ। আর অবস্থার অবনতি হওয়ায় আহত তরুণীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।