গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু রামগঞ্জে
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে জান্নাতুল ফেরদাউস (২৪) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বামীর সাথে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানায়। মঙ্গলবার সকালে (২৮ নভেম্বর) রামগঞ্জ পৌরসভার সোনাপুর পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জান্নাত নিজ ঘরের দরজা বন্ধকরে সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়। দীর্ঘক্ষন তার সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ। এসময় ঘরের ভিতর জান্নাতের ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। পরে বাড়ীর লোকজন তার বাবা-মাকে সংবাদ দেয়। খবর পেয়ে পিতা আবদুর রহিম ঘটনাস্থলে এসে থানায় সংবাদ জানালে এসআই মহসিন চৌধুরী ওই গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জান্নাতুলের আত্মীয়-স্বজন জানান, জান্নাতের স্বামী মোহাম্মদ মাছুম সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরলেও জান্নাতের সাথে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে তাদের সাথে প্রায় কথা কাটাকাটি হত। তাদের ধারনা এ থেকেই সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকে জান্নাতের স্বামী মোহাম্মদ মাছুম পালিয়ে যায়।