কয়েক মিনিটের বৃষ্টি: ৬ ঘন্টা বিদ্যুৎ নেই লক্ষ্মীপুরে !
নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ: লক্ষ্মীপুরে কয়েক মিনিটের বৃষ্টিতে ৬ ঘন্টা বিদ্যুৎ নেই। মঙ্গলবার দুপুরে হালকা বৃষ্টির পর থেকে সন্ধ্যা ৮ টা ৭ মিনিট পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহরে বিদ্যুৎ আসেনি। এনিয়ে পৌর শহরের ব্যবসায়ী, চাকরীজীবি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
একাধিক ব্যবসায়ী মোহনানিউজকে জানান, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কি অফিসে আছেন নাকি ? তা নিয়ে সংশয়। সামান্য বৃষ্টিতে ৫-৬ ঘন্টা বিদ্যুৎ নেই। দায়িত্বে অবহেলার জন্য বিদ্যুতের এমন অবস্থা বলে ধারণা করছেন তারা।
এদিকে বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় চকবাজার জামে মসজিদে অজুর জন্য পানি সংরক্ষণ করা যায়নি। এতে অজু করা নিয়ে বিপাকে পড়ছেন স্থানীয় মুসল্লিরা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মিথিলা আক্তার জুঁইপি মোহনানিউজের প্রতিবেদককে বলেন, আমাদের বাসা পৌর শহরের মোবারক কলোনীতে। সন্ধ্যা থেকে বিদ্যুৎ না থাকায় পড়তে পারছিনা। পরীক্ষা চলছে। বিদ্যুতের এমন অবস্থা হলে পড়া-লেখার সমস্যা হয়।
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান মোহনানিউজকে বলেন, চৌমুহনীতে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছে। কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ আসবে।