এতিমখানার উন্নয়নে লাখ টাকা অনুদান শাহজাহানের 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০১৭ ৯:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : লক্ষ্মীপুরের কমলনগরে আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এসময় এতিমখানার উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান।

সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠতা সভাপতি এনটিভি’র বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহিদের সঞ্চালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।মাহফিলে ওয়াজ করেন তোরাবগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোহসিনসহ আমন্ত্রিত অতিথিরা । ওয়াজ মাহফিলে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এই এতিমখানা নদীভাঙ্গা অসহায় দরিদ্র ও বাবা-মা হারা শিশুদের আশ্রয়স্থল। এসব কোমলমতি শিশুরা কোরআন ও দীনি শিক্ষা গ্রহণ করে সমাজকে আলোকিত করবে। আমি এসব এতিমদের পাশে থাকবো এবং এতিমখানার কল্যাণে কাজ করে যাবো। এসময় তিনি এই এতিমখানায় ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

মাহফিলে শেষে মুনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

প্রসঙ্গত, এনটিভি’র বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক আবদুস শহিদ তার মা-বাবার নামে তোরাবগঞ্জ এলাকায় আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন