অপহরণ চেষ্টায় ব্যার্থ, পাঁচজনকে পিটিয়ে আহতের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ চেষ্টায় ব্যার্থ হয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতরা জানিয়েছেন, একই উপজেলার চরশাহী ইউনিয়নের বসুদহিতা গ্রামের মো. টিপুর ছেলে বিনা ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে। আহতরা হলেন, ওই ছাত্রীর বাবা লুৎফুর রহমান, মা বকুল বেগম, দুই ভাই আবদুল বাতেন, বাবলু এবং প্রতিবেশি ফোরকান।
আহতদের স্বজনরা জানায়, ভূক্তভোগী ছাত্রী লক্ষ্মীপুর আয়েশা(রা.) মহিলা কামিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী। প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়ার পথে বিনা ওই ছাত্রীকে উত্যোক্ত করতো। বিষয়টি ছাত্রী তার পরিবারের কাছে জানালে বিনাকে সর্তক করে তারা।
এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার সময় বিনা সহযোগীদের নিয়ে বাড়িতে এসে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এসময় বাঁধা দিতে গেলে বিনার লোকজন পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এতে প্রতিবেশিসহ ওই পরিবারের ৫জন আহত হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিনা লোকজন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন ভূক্তভোগী পরিবারের স্বজনরা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হামলার ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।